শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার:-
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ৪০০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে ভোলাহাট থানাধীন দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাইবাড়ি গ্রামের মোহাম্মদ তহুরুল (৩০), পিতা- মৃত শরিফুল ইসলাম শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে থাকা একটি অটো চার্জার গ্যারেজে বিশেষ কায়দায় অটোরিকশার চালকের সিটের নিচে লুকিয়ে রাখা ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
অভিযানকালে অটোরিকশার চালক মোহাম্মদ তহুরুলকে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে একই গ্রামের মোঃ রেজাউল (৪০), পিতা- সাইফুদ্দিন মাস্টারকেও আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অন্যান্য পলাতক মাদক কারবারিদের সহযোগিতায় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।