শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলার ১২২টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস অফিসার) তপন সরকারের নেতৃত্বে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকার মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিশাত দিলরুবা জাহান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১০ সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে থাকা ১২২টি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।