কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ তিনজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর সার্বিক দিকনির্দেশনায় মাদক, চোরাচালান, দস্যুতা দমন ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
গত ৩০ জুলাই ২০২৬ দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে, শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. সাহাদাত আলী-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট–গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. রাসেল (২৭), পিতা: মো. বিদু, গ্রাম: ছোট জামবাড়িয়া, থানা: ভোলাহাট।
মো. রুবেল (২২), পিতা: মো. বাদল, গ্রাম: দারিগাছা।
মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭), পিতা: কসিমুদ্দিন, গ্রাম: পলাশবাড়ী আড়গাড়াহাট।
পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।